সিরাজগঞ্জের কাজিপুরে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লাখ টাকা এবং শর্ত ভঙ্গ করে মাটি উত্তোলন ও বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাজিপুর ও ধুনট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্ক রিভার রোডসংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে গান্ধাইল-বাঐখোলা নদীর তীর থেকে নির্ধারিত শর্ত ভঙ্গ করে মাটি উত্তোলন এবং তা বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও নদীর তীর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কাজিপুর উপজেলা অংশের অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।