সোনামুখী–গাছাবাড়ী সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো মানুষ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গুরুত্বপূর্ণ সোনামুখী–গাছাবাড়ি আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে সড়কটির উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও বালুর স্তূপ তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।প্রতিদিন এ সড়ক ব্যবহার করে স্কুল-কলেজগামী শত শত শিক্ষার্থী। এছাড়া রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে বাড়ছে পরিবহন ব্যয় এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অর্থনীতি।একাধিক বাসিন্দা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান কাজ হয়নি। উন্নয়নের জন্য বরাদ্দের কথা শোনা গেলেও তার প্রতিফলন মাঠপর্যায়ে দেখা যাচ্ছে না।এ অবস্থায় দ্রুত সড়কটির সংস্কার, বরাদ্দের স্বচ্ছ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এলাকার শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অবলম্বন। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।