যমুনা নদীর পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত প্রবাহিত। কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমুহে ভাঙ্গন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দা। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনে যমুনার নদীর পানি ভালই বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয় ক্ষতি হয়নি। তবে পানি আর দুএকদিন বাড়তে থাকলে ইরিধান, পাট, তীল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারনে যমুনার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে হয়তো আর দুএকদিন বাড়বে তারপর আবার কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙ্গন আতঙ্কের কিছু নেই।