রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে প্রায় ১৮ ঘণ্টার টানা অভিযানের পর চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাথরুমের দেয়ালের আড়ালে বিশেষভাবে তৈরি করা একটি গোপন সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।
শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি মামুনকে গ্রেপ্তারের জন্য শুক্রবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। তবে ফ্ল্যাটের প্রতিটি কক্ষ তল্লাশি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে। পরে বাথরুমের একটি অংশে অস্বাভাবিকতা নজরে এলে সেখানে তল্লাশি চালানো হয়। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—দেয়ালের পেছনে তৈরি করা হয়েছিল একটি গোপন সুড়ঙ্গ, যেখানে আত্মগোপন করে ছিলেন মামুন।
পুলিশের দাবি, বিটিএল গ্রুপের মালিক পরিচয়ে মির্জা আবুল বাশার মামুন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করতেন। জমি ব্যবসা, চাল ও ভোজ্যতেলের ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এসব অভিযোগের সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।