রাজধানীর ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তবে জানাজা শেষে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ১০ থেকে ১৫ জনকে আটক করে। সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানাজা শেষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।
তিনি জানান, "মরদেহবাহী গাড়ি যেন কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করেছি। এ সময় যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তা যাচাই-বাছাই করে পরে সুনির্দিষ্টভাবে জানানো হবে। আটককৃতরা রাজনৈতিক দলের কর্মী কি না— এমন প্রশ্নের জবাবে এডিসি জিসানুল হক স্পষ্ট করেন, "বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেবল তাদেরই ধরা হয়েছে। তবে যাচাইয়ের পর যদি দেখা যায় এদের মধ্যে কোনো সাধারণ মানুষ আছেন, তবে তাকে ছেড়ে দেওয়া হবে।"
এর আগে, একই দিন অর্থাৎ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮২ বছর।