পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২৬ আগষ্ট) সকাল ৭টার কিছু সময় আগে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারের তৃতীয় তলায় আগুন লাগে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় ১৫টি শিশু মারা গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগে একটি শিশুকে উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ এয়ার কন্ডিশনারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পাকিস্তানে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে অনেক সময় নিরাপত্তা বিধি ও ভবন নির্মাণের নিয়ম ঠিকভাবে মানা হয় না।
হাসপাতালের এই আগুনকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ হাসপাতাল অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।