যমুনা সেতুতে ২৩ ঘণ্টায় ২৪ দুর্ঘটনা
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত ২৩ ঘণ্টায় সেতুর ওপর ছোট-বড় মিলিয়ে ২৪টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬টিতে উদ্ধারকাজে রেকার ব্যবহার করতে হয়েছে।শুক্রবার রাত ৯টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হন। এ দুর্ঘটনার পর সেতুর পশ্চিমপাড়ে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১১টার পর সেতুর পূর্বপাড় থেকে যানবাহন পারাপার সাময়িক বন্ধ রেখে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহন চলাচলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, বিকল যানবাহন ও ছোটখাটো দুর্ঘটনার কারণে সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে।সিরাজগঞ্জ জেলা পুলিশ সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ে এ মহাসড়কে দৈনিক ১৭ থেকে ১৮ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় তা ৫০ হাজার ছাড়িয়ে যায়।