মাছের পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মাছ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেছেন পুকুরটির ইজারাদার।এ ঘটনায় উপজেলার পূর্ব রুপনারায়ণপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট ইউনিয়নের শিবরামপুর মৌজায় অবস্থিত ৩ দশমিক ৩৫ একর আয়তনের একটি পুকুর দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন আনোয়ার হোসেন। সম্প্রতি পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুকুর এলাকায় প্রবেশ করে তাকে ও তার লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, ঘটনার একপর্যায়ে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এর ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় লোকজনও পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।আনোয়ার হোসেন জানান, পুকুরটিতে প্রায় ৩০০ মণ মাছ মজুদ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। বিষ প্রয়োগের ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।