ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

বাবা দিবসে আমার শ্রেষ্ঠ পথপ্রদর্শককে শ্রদ্ধা: মোহনা

বাবা শুধু একটি শব্দ নয়, তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় ভরসা, সাহস আর আশ্রয়। নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে সন্তানের স্বপ্ন পূরণে যিনি নিরলস পরিশ্রম করেন, তিনিই বাবা। বাবা দিবসে বাবাকে নিয়ে গল্প শোনালেন  নিলিমা হাসান মোহনা।আজ বিশ্ব বাবা দিবস। ক্যালেন্ডারের পাতায় একটা দিন আলাদা করে বাবার জন্য রাখা হলেও, আমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যার হাত ধরে কাটে, তিনি আমার বাবা—এরশাদুল হাসান মুক্তা। পেশায় তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তার কাছে তিনি একজন আদর্শ, এক মহীরুহ এবং আমার জীবনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক।ছোটবেলা থেকেই বাবার একটা সুপ্ত স্বপ্ন ছিল—তার মেয়েও একদিন তার মতো প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হবে। বাবার সেই স্বপ্ন, সেই কাজের প্রতি ভালোবাসা আমাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। আজ অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, আমি বাবার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা সফলভাবে শেষ করেছি। বাবার মেকানিক্যাল জগতের ব্লুপ্রিন্ট আর আমার কোডিংয়ের ডিজিটাল জগৎ—দুটো ভিন্ন মাধ্যম হলেও আমাদের মূল সুরটা এক, আর তা হলো সৃষ্টির আনন্দ, যা আমি বাবার চোখ দেখেই শিখেছি।তবে আমার বাবার পরিচয় শুধু আমার ইঞ্জিনিয়ার হওয়ার অনুপ্রেরণাতেই সীমাবদ্ধ নয়। আজ আন্তর্জাতিক অঙ্গনে আমি দেশের প্রতিনিধিত্ব করছি, বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা অর্জন করতে পেরেছি, তার সবটুকুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছেন আমার বাবা। আমাদের সমাজে অনেক সময়ই মেয়েদের স্বপ্নকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু আমার বাবা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তিনি আমার কোনো কাজে, কোনো স্বপ্নে কখনো বাধা দেননি। বরং যখনই আমি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, বাবা পেছেন থেকে সাহস জুগিয়েছেন, বলেছেন—"তুমি পারবে।"বাবার এই নিঃশর্ত সমর্থন আর বিশ্বাসের কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। তিনি আমাকে শুধু ডানা মেলতে শেখাননি, ঝড়ো বাতাসে কীভাবে ডানা শক্ত করে ধরে রাখতে হয়, তাও শিখিয়েছেন।বাবা, আজ আমি যা কিছু হতে পেরেছি, যেখানেই পৌঁছেছি, তার সব গৌরব তোমার। তোমার সততা, পরিশ্রম আর উদারতাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। বাবা দিবসের এই বিশেষ দিনে তোমাকে জানাতে চাই—আমি তোমাকে খুব ভালোবাসি। সৃষ্টিকর্তা তোমাকে দীর্ঘজীবী ও সুস্থ রাখুন।সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

বাবা দিবসে আমার শ্রেষ্ঠ পথপ্রদর্শককে শ্রদ্ধা: মোহনা