ধলাই নদীর ভাঙনরোধে জরুরি তীররক্ষা কাজের নির্দেশ
পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার ধলাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নদীভাঙনজনিত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সিলেট পানি উন্নয়ন বোর্ডকে ধলাই নদী সংলগ্ন সাদাপাথর বিওপি এলাকায় জরুরি ভিত্তিতে নদীতীর সংরক্ষণ কাজ শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে ব্যবহৃত জিও-টেক্সটাইল ও কংক্রিট ব্লক দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করারও নির্দেশনা প্রদান করেন।পরে প্রতিমন্ত্রী সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত ‘নদী মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। নেদারল্যান্ডস দূতাবাস ও অক্সফাম জিবির সহযোগিতায় আয়োজিত এ মেলায় তিনি পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলমান নদী পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন।এছাড়া নদী সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত নাগরিক সংলাপে অংশ নেন প্রতিমন্ত্রী। সংলাপে নদী অববাহিকার মানুষ, সরকারি বিভিন্ন দপ্তর এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে তিনি ‘আগামীদিনে বাংলাদেশের নদ-নদী কেমন দেখতে চায়’ শীর্ষক শিশুদের প্রদর্শনী ঘুরে দেখেন।এ সময় সিলেটের জেলা প্রশাসক, নেদারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার, অক্সফাম জিবির বাংলাদেশ প্রতিনিধি এবং সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।