সাপে কাটা রোগীকে ‘ইয়াবা সেবনকারী’ আখ্যা দিয়ে চিকিৎসা না দেওয়ার অভিযোগ
পাবনার সাঁথিয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে। নিহত রুহান মোল্লা (২৬) উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চরকাবারি কোলা গ্রামের বাসিন্দা।স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাতে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর রুহানকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম না দিয়ে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে তাঁর মৃত্যু হয়।নিহতের পরিবার অভিযোগ করে, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও তা প্রয়োগ করা হয়নি। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি এবং রোগীর আচরণ ও উপসর্গ বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিকে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।