ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

কমেনি সিএনজি ভাড়া, কাজীপুরে যাত্রীদের দুর্ভোগ চরমে

ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ পার হলেও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থামছে না। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি অর্থ আদায় করায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মেঘাই থেকে সিরাজগঞ্জ শহরে সিএনজির ভাড়া আগে ছিল ৭০ টাকা। তবে ঈদকে কেন্দ্র করে ভাড়া বাড়িয়ে ১৪০ টাকা করা হয়। ঈদের পরও সেই অতিরিক্ত ভাড়া বহাল রয়েছে। রাতের বেলায় যাত্রীদের কাছ থেকে আরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।এদিকে পিপুলবাড়িয়া থেকে সিরাজগঞ্জ শহরের নিয়মিত ভাড়া ৩০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একইভাবে সোনামুখী থেকে সিরাজগঞ্জ শহরে আগে ৮০ টাকা ভাড়া থাকলেও এখন আদায় করা হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।ভুক্তভোগী যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়ার কারণে প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন কাজে যাতায়াতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চালকদের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। ফলে কার্যকর তদারকির অভাবে চালকরা আগের মতোই বাড়তি ভাড়া আদায় করে চলেছেন।সচেতন নাগরিকরা বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সিএনজি ভাড়ার নির্ধারিত তালিকা দৃশ্যমান স্থানে টানানো, নিয়মিত মনিটরিং এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, ঈদকে কেন্দ্র করে বাড়ানো ভাড়া অবিলম্বে প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করা হোক এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

কমেনি সিএনজি ভাড়া, কাজীপুরে যাত্রীদের দুর্ভোগ চরমে