ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জের কাজিপুরে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী আহত হন। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা এলাকার বাসিন্দা।অভিযোগসূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়ে ভটভটিযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় হাজরাহাটী বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চরভানুডাঙ্গা সড়কের দিকে পালিয়ে যায়। সঙ্গে থাকা অন্যান্য গরু ব্যবসায়ীরা আহত রাজ্জাককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।