বিয়ের রাতে গণঅধিকার নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল সরিয়ে রাখতে বলাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় গণঅধিকার নেতা সেলিম খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে বাড়ির সামনে রাখা মোটরসাইকেল সরিয়ে রাখতে বললে কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।হামলায় আহত কয়েকজনের মধ্যে দুজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেলিম খান দাবি করেন, মোটরসাইকেল সরাতে বলার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণেও তাকে টার্গেট করা হতে পারে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।