সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শতবর্ষী বৃদ্ধা ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী মায়া রাণী শীল (১০০) এবং শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে তামিম হোসেন (১৪)। তামিম তার গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে মায়া রাণী শীল বাড়ির পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজের পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্ট সংলগ্ন করতোয়া নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নেমে তামিম হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে তামিমের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ দুটি মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নদীতে গোসল করতে নামার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।