সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শিশুকে বাঁচাতে গিয়ে তামিম হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী যমুনা নদীতে নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তামিম ভাটপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক লস্কর আলী মোল্লার ছেলে। সে বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থেকে লেখাপড়া করতো। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তামিমের বড় বোন স্বপ্না খাতুন বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসে তামিম। বুধবার দুপুরে পরিবারের অন্য ছেলেদের সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কোমর পানিতে নেমে গোসল করছিল। পাশেই ৭ বছর বয়সী এক শিশু গভীর পানিতে ডুবে যায়। তামিম তাকে উদ্ধারের চেষ্টা করলে নিজেও গভীর পানিতে পড়ে চিৎকার শুরু করে। এসময় অন্যরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও তামিম নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহজাহান আলী মোল্লা বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আগের দিন কিন্তু সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ তামিমকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।