সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বজ্রপাতের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।