ফেনীর পৃথক দুই উপজেলায় বজ্রপাতে নাদিয়া আক্তার (৯) ও আবির হোসেন (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আক্তার ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে আবির হোসেন ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টিপাতের সময় বাড়ির সামনে অবস্থানকালে পৃথক স্থানে বজ্রপাতের শিকার হয় নাদিয়া ও আবির। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, আকস্মিক এই মৃত্যুর ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও বিরাজ করছে গভীর শোক।