“বৃক্ষ নিধন আর নয়, দেশকে করবো বৃক্ষময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে ছিন্নমূল মানবসেবা সংগঠন।
কর্মসূচির প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মন্ডল, শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন সরকার, সাধারণ সম্পাদক মারুফ হাসান, প্রকৌশলী মাহমুদুল হাসান স্বপনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক শ্যামল মন্ডল বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অন্যদিকে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন সরকার জানান, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও সম্প্রসারণ করা হবে।