সিরাজগঞ্জে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে এক ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল হক জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রং সাইডে উঠে যায়। এ সময় মহাসড়কের পাশে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পেছন থেকে আরেকটি গাড়ি ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের চালক আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাফখর হোসেন জানান, এটিএসআই নুরুল ইসলাম নিয়মিত দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।