ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ ৮টি বাস ও কাউন্টারের বিরুদ্ধে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল শেখ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে শহরের বাজার স্টেশন এলাকায় জেনিন পরিবহন ও সেবা লাইনসহ তিনটি বাস কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কড্ডার মোড় এলাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী আরও পাঁচটি বাসে অভিযান পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়া হয়।
অভিযানকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।