প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগের মামলায় যুবদল নেতা সাইদুল
রাব্বি হাসান হৃদয় ||
সিরাজগঞ্জের কাজিপুরে হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগে করা একটি মামলায় আসামি হয়েছেন সাইদুল ইসলাম। তিনি উপজেলার তেকানী ইউনিয়ন যুবদলের সহসভাপতি। পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।আদালতে দায়ের করা মামলায় সাইদুল ইসলামকে তৃতীয় আসামি করা হয়েছে। এ ঘটনায় তাঁর দায়িত্ব পালন ও নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।সাইদুল ইসলাম কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের চরকান্তনগর এলাকার ফজল শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে একই ইউনিয়নের পার খুকশিয়া এলাকার বাসিন্দা আমলগীর হোসেন নাদু কাজিপুর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।মামলার নথি অনুযায়ী, সাইদুল ইসলামসহ আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৪৭, ৩৬৪, ৩৬৫, ৩৮৭, ৩৮৯, ৪৫২, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে হত্যাচেষ্টা, আঘাত, অপহরণ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।তবে সাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নামে এটি সম্পূর্ণ মিথ্যা মামলা করা হয়েছে, আপনারা এলাকায় এসে খোঁজখবর নেন।’এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন মহলে চলেছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। যোগ্যতার ভিত্তিতেই ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মূল্যায়নের প্রয়োজন দাবি করে স্থানীয় অনেকেই জানান, যুবদল নেতা সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগে দায়ের করা মামলাটি এখনো আদালতে বিচারাধীন। মামলাটি যে সম্পূর্ণ মিথ্যা সেটি এখন পর্যন্ত কোনোভাবেই প্রমাণিত হয়নি। মামলায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাইদুলকে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে না রাখার দাবিও করেছেন স্থানীয়রা।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ