প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
অতিরিক্ত টেস্ট ফি আদায়ের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
রংপুর প্রতিনিধি ||
কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টেস্ট ফি আদায়ের অভিযোগে বিভাগীয় প্রধান মোস্তাফিজার রহমান মিন্টুর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজ ছাত্রদল।মঙ্গলবার (৯ জুন) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে কলেজ অধ্যক্ষের কক্ষে অবস্থান নেন তারা।কারমাইকেল কলেজ ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মিম বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রাইভেট মাস্টার্সের শিক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে ৪৮০ টাকা করে নেওয়া হয়েছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। অতীতে কারমাইকেল কলেজে এমন ঘটনা ঘটেনি। বিষয়টি জানার পর জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং প্রতিবাদ জানায়। প্রায় ৯০০ শিক্ষার্থীর মধ্যে ৭১৬ জনের কাছ থেকে টাকা নেওয়া হলেও আমাদের আন্দোলনের মুখে আদায় কার্যক্রম বন্ধ করা হয়। কিন্তু প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হলেও এর কোনো অগ্রগতি নেই। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে আমাদের সন্দেহ।ছাত্রদলের সদস্য সচিব আরিফ হাসান বলেন, প্রশাসন আমাদের জানিয়েছিল যে এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই এবং শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে। এ জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিভাগীয় প্রধান মিন্টু স্যারকে ক্যাম্পাসেও দেখা যাচ্ছে না। তাই আমরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাব।এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে শুধু ইনকোর্স ফি নেওয়ার নিয়ম রয়েছে। টেস্ট ফি হিসেবে প্রাইভেট শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো বিধান নেই। এখন পর্যন্ত প্রায় ৬৬০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শিক্ষক ও বিভাগীয় প্রধানদের ডেকে এ ধরনের অর্থ আদায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, বুধবার থেকে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ